আভদিভকায় প্রতি কিলোমিটার এগোতে ১০ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া: ইউক্রেন


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ৩:১০ অপরাহ্ন /
আভদিভকায় প্রতি কিলোমিটার এগোতে ১০ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনীয় সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখলে অভিযানে প্রতি কিলোমিটার এগোতে প্রায় ১০ হাজার সেনা হারাতে হচ্ছে রাশিয়াকে। ইউক্রেনের তাভরিস্ক বাহিনীর মুখপাত্র কর্নেল ওলেক্সান্ডার শুপুন বুধবার (২০ ডিসেম্বর) এই মন্তব্য করেছেন। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

শুপুন বলেছেন, গত দুই মাসে ডনেস্ক অঞ্চলের লড়াইয়ে রাশিয়া প্রায় ২৫ হাজার সেনা হারিয়েছে। এদের প্রায় ৮০ ভাগ নিহত হয়েছেন আভদিভকা ঘিরে সংঘটিত লড়াইয়ে।

ইউক্রেনের জাতীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে শুপুন বলেন, ১০ অক্টোবর থেকে আমরা যদি হিসাব ধরি তাহলে শত্রুরা অনেক সক্রিয় ছিল। কিছু এলাকায় এক বা দুই কিলোমিটার এগিয়েছে তারা।

তিনি বলেন, কিন্তু এ জন্য তাদের চড়া মূল্য দিচ্ছে। দুই মাসের কম সময়ে রাশিয়ার প্রায় ২৫ হাজার সেনা নিহত বা আহত হয়েছে। এই সময়ে শত্রুরা প্রায় ২০০ ট্যাংক ও চার শতাধিক সাঁজোয়া যান হারিয়েছে তাভরিস্ক বাহিনীর সঙ্গে লড়াইয়ে। অঞ্চলটির প্রতিরক্ষার দায়িত্ব এই বাহিনীর।

বুধবার ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, আভদিভকায় হামলা অব্যাহত রাখতে ভেঙে পড়া কোম্পানিগুলো থেকে প্রায় রাশিয়া নতুন কোম্পানি গঠন করছে। যদিও কিছু ভালো প্রশিক্ষিত ও আধুনিক অস্ত্রে সজ্জিত সেনা ওই এলাকায় লড়াই করছে।

আইএসডব্লিউ বলেছে, রুশ সেনারা আভদিভকায় সাফল্য পাচ্ছে। তবে তাদের অগ্রগতি এত নগণ্য যে এতে নির্দিষ্টভাবে রণক্ষেত্রের সীমানায় কোনও পরিবর্তন আসছে না।

১০ অক্টোবর থেকে ডনেস্ক অঞ্চলে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। ওই সময় রাশিয়া আভদিভকা দখলের লক্ষ্যে আক্রমণ শুরু করে। এই শহরকে ডনেস্কতে প্রবেশের একটি পথ হিসেবে বিবেচনা করা হয়। লড়াইয়ে ইউক্রেন ও রাশিয়া উভয়পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।