পেছাল ‘জংলি’, পরিচালক বললেন, ঝড় সব লন্ডভন্ড করে দিয়েছে!


assroy প্রকাশের সময় : জুন ৭, ২০২৪, ১:০৪ অপরাহ্ন /
পেছাল ‘জংলি’, পরিচালক বললেন, ঝড় সব লন্ডভন্ড করে দিয়েছে!

বিনোদন প্রতিবেদক
ঈদুল আজহার সম্ভাব্য মুক্তির তালিকা থেকে সরে গেল ‘জংলি’। অনেকটাই ঢাকঢোল পিটিয়ে যেকোনো মূল্যেই ছবিটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। গত ২৯ মার্চ ছবির প্রথম ঝলকে নায়ক সিয়াম আহমেদের ছবি প্রকাশ করে মুক্তির ঘোষণা দেয় তারা। আজ শনিবার ছবির পরিচালক এম রাহিম প্রথম আলোকে জানিয়েছেন, ছবিটি ঈদে আর আসছে না। পরবর্তী সময়ে ঈদের আমেজ থাকতে থাকতেই ছবিটির মুক্তির সম্ভাবনা আছে।
জানা গেছে, ঈদে মুক্তির লক্ষ্যে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং চলে ছবিটির। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয়। একটি সেট ঝড়ে ভেঙে যায়। নতুন করে সেটা মেরামত করে এত অল্প সময়ের মধ্যে শুটিং শেষ করে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে না।
রাহিম বলেন, ‘ঈদে মুক্তির লক্ষ্যেই প্রচণ্ড গরমেও টানা শুটিং করেছি। অনেক শিল্পী অসুস্থও হয়েছিলেন। তারপরও কাজ চালিয়ে গেছি। সঠিক সময়ে ছবিটি মুক্তির লক্ষ্যে একদিকে শুটিং চলছিল, অন্যদিকে সেই ফুটেজ পাঠিয়ে ভারতে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছিল। ঢাকায় চলছিল ডাবিং। সবকিছুই ঠিকঠাক এগোচ্ছিল। কিন্তু ঝড় সব লন্ডভন্ড করে দিয়েছে। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। তাই বাধ্য হয়েই আমরা সরে আসলাম।’
রাহিম আরও বলেন, ‘দর্শককে যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি ধরে রেখে তাড়াহুড়া করে ঈদে মুক্তি সম্ভব হবে না। সিনেমার মানের সঙ্গে কম্প্রোমাইজ করাটা বোকামি হবে।’