ভাইরালের পর দেশের বাইরে শো বেড়েছে: মিষ্টি জান্নাত


assroy প্রকাশের সময় : জুন ১৪, ২০২৪, ৩:০৫ অপরাহ্ন /
ভাইরালের পর দেশের বাইরে শো বেড়েছে: মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত পড়াশোনা শেষ করে ফের কাজে ফিরছেন। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ৩টি ছবি করবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি শাহরিয়াজ নাজিম জয়, তমা মির্জাসহ বেশকিছু ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বে জড়ান মিষ্টি।
বিতর্কের পর কাজের চাপ বেড়েছে এই নায়িকার। এখন বিভিন্ন শো-রুম উদ্বোধনেও ডাক পাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ জুন) শুকতারা নামের দেশীয় রুপার গয়নার শো-রুম উদ্বোধন করেছেন।
রাজধানীতে অবস্থিত সেই শো-রুমে উপস্থিত হয়ে মিষ্টি জান্নাত বলেন, সম্প্রতি ওপেনিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে। দুবাই থেকে ফিরেই প্রচুর কাজের চাপ বেড়েছে। শুকতারার কালেকশনগুলো খুবই ভালো। আমার খুবই পছন্দ হয়েছে। এখন আমি নিজেও ব্যবহার করছি। ভালোলাগা থেকে এদের সঙ্গে যুক্ত হওয়া। আস্থা নিয়ে এখানকার পণ্য নেওয়া যাবে। আমি নিজে তাদের পণ্য যাচাই করে যুক্ত হয়েছি। আপনারা চাইলে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারবেন।
ভাইরাল হওয়ার পর তিনি বলেন, এই মুহূর্তে আমার কাছে অনেক সিনেমার অফার আসছে। দেশের বাইরে শো বেড়েছে। ঈদের পর তিনটি শো আছে লন্ডন, আমেরিকা ও কানাডা। সবকিছু ঠিক থাকলে শোগুলোতে অংশ নেব।
ভাইরাল ইস্যুতে মিষ্টি বলেন, দেখুন ইতিবাচক ও নেতিবাচক সব দিক আছে। ভাইরাল হওয়ার পর মানুষজন আমাকে আরও বেশি চিনছে। কাজ বেড়েছে। এটা ভালো লাগছে। এছাড়া সমালোচনাও উপভোগ করছি আমি। নিজের ভুলগুলো ঠিক করে নিতে পারছি।