
বগুড়া প্রতিনিধি
বগুড়া সদরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল মিলন মাহমুদকে মারধরের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, সাইদুল ইসলাম প্রামানিক (৪৯) ও তার ছেলে রিমন প্রামানিক ইমন (২২)।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, কনস্টেবল মিলন মাহমুদকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজহার সূত্র জানা গেছে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ২টা থেকে শহরের সাতমাথা এলাকায় দায়িত্ব পালন করছিলেন মিলন মাহমুদ ও ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা। বিকাল পৌনে ৫টার দিকে মিলন মাহমুদ সাতমাথায় এলজি শোরুমের সামনে পাকা রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করা ইজিবাইক ও অটো রিকশাগুলো সরিয়ে দিচ্ছিলেন। এ সময় ইমন সেখানে তার অননুমোদিত ইজিবাইক রেখে যানজটের সৃষ্টি করেন। মিলন মাহমুদ তাকে ইজিবাইক সরিয়ে নিতে বললে ইমন ক্ষিপ্ত হন। তিনি মিলন মাহমুদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ইজিবাইক সরিয়ে নিতে বললে মিলন মাহমুদকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি দেন ইমন ও তার বাবা সাইদুল। এতে বাম হাত, বাম হাটুঁর নিচে ও বাম কাঁধে গুরুতর আঘাত পান মিলন মাহমুদ। এক পর্যায়ে অভিযুক্তরা ট্রাফিক পুলিশের ওই কনস্টেবলের পোশাকের বোতাম ছিঁড়ে ফেলেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে মিলন মাহমুদকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় সার্জেন্ট রাকিবুল ওয়াদুদ সদর থানায় অভিযুক্ত দুই জনকে সোপর্দ ও মামলা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহিন জানান, কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে মারপিট ও হুমকি দেওয়ার মামলায় গ্রেফতার বাবা-ছেলেকে শুক্রবার আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।’
আপনার মতামত লিখুন :